1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
গৌরীপুরে মসজিদে দুর্ধর্ষ চুরি, মালামালসহ সিন্দুকের টাকা লুট - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

গৌরীপুরে মসজিদে দুর্ধর্ষ চুরি, মালামালসহ সিন্দুকের টাকা লুট

  • প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাছুয়াপাড়া মহল্লায় অবস্থিত ‘মসজিদে নামেরায়’ এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে কোনো এক সময় মসজিদের জানালার গ্রিল ও গেটের তালা কেটে এই চুরির ঘটনা ঘটে।

মসজিদের ইমাম হাফেজ আমিনুল ইসলাম জানান, শুক্রবার এশার নামাজ শেষে তিনি মসজিদের দরজা-জানালা ও গেট তালাবদ্ধ করে বাসায় যান। ভোরে ফজরের আজান দিতে এসে তিনি দেখেন মসজিদের ভেতর তছনছ করা এবং আজান দেওয়ার মতো পরিস্থিতি নেই।

দুর্বৃত্তরা মসজিদের মীমঘরে থাকা একটি সাউন্ড সিস্টেম সেট, একটি ১২ ভোল্টের ব্যাটারি এবং দানবাক্স (সিন্দুক) ভেঙে নগদ ৯০০ টাকা নিয়ে গেছে। পরে দেখা যায়, চোরচক্র মসজিদের দক্ষিণ পাশের জানালার চারটি গ্রিল এবং উত্তর পাশের পেছনের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করেছিল।

মসজিদ কমিটির ক্যাশিয়ার আবু তাহের সিদ্দিক মানিক জানান, ভোরে ইমাম সাহেবের ফোন পেয়ে তিনি দ্রুত মসজিদে এসে চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন।

মসজিদের বিদ্যু, পানি ও সাউন্ড সিস্টেমের দায়িত্বে থাকা সদস্য এনায়েত হোসেন শামীম জানান, দুর্বৃত্তরা মসজিদের সাউন্ড সিস্টেমের সেট, ব্যাটারি ও নগদ টাকা চুরি করার পাশাপাশি বিভিন্ন আসবাবপত্রের ক্ষতিসাধন করেছে। এতে মসজিদের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

কমিটির সাধারণ সম্পাদক আমীর আলী মোল্লা বলেন, ভোরে নামাজ পড়তে আসলে ইমাম সাহেব বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসল্লিদের নিয়ে মসজিদের ভেতরে প্রবেশ করি এবং ঘটনার সত্যতা পাই। বিষয়টি সাথে সাথেই গৌরীপুর থানা পুলিশকে জানানো হয়েছে এবং আমরা প্রশাসনের কাছে দ্রুত মালামাল উদ্ধারসহ দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান জানান, চুরির বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT