রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ সেশনে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্রে ফোনসহ এক ভর্তিচ্ছু শিক্ষার্থী আটক হয়েছে। তার ফোনে অসদুপায় অবলম্বনের প্রাথমিক তথ্য পেয়েছে প্রশাসন। শুক্রবার বেলা ১১টার পর প্রথম লিফটের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
আটক শিক্ষার্থী দিব্য জ্যোতি সাহা। তার বাড়ি ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গিয়াস উদ্দিন জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র ফোন ব্যবহার কালে তাকে আটক করা হয়। সে ফোনে ‘ডিপসিক’ (এআই) ব্যবহার করে প্রশ্নোত্তর করার চেষ্টা করেছে বলে প্রাথমিক অনুসন্ধান জানা গেছে। তা ছাড়া প্রশ্নের ছবি ইন্টারনেট বা অন্য কোথাও পাঠিয়েছে কিনা অথবা অন্য কোন অসদুপায় অবলম্বন করেছে কিনা সব খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, বেলা ১১-১২ পর্যন্ত প্রথম শিফটে সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে এ শিক্ষার্থী স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবনের ১০২ নং কক্ষে অসদুপায় অবলম্বনকালে আটক হন। পরে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে প্রক্টর দপ্তরে আটক রাখে। আইসিটি সেন্টারে ও প্রক্টরিয়াল টিম সার্বিক বিষয়ে জিজ্ঞেসাবাদ করে।
জিজ্ঞেসাবাদে আটক শিক্ষার্থী জানান, তার বাড়ি ঢাকা হলেও ক্যাম্পাস দেখতে তিনি এই ক্যাম্পাসে পরীক্ষা দিতে এসেছেন। ফোন সঙ্গে রাখলেও কোন অসদুপায়ের উদ্দেশ্য তার ছিল না।
উল্লেখ্য, এই ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ৩-৪টা পর্যন্ত চলবে। ১ ঘন্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর প্রতিযোগিতাদের মূল্যায়ণ করা হয়। সি ইউনিটে সিট আছে ১ হাজার ৫৩৬টি। মোট আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন। প্রতি আসনে লড়বেন ৮২ জন ভর্তিচ্ছু।