বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন। আজ বুধবার দুপুর পৌনে ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন।
একই সময়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন দলের ক্রিকেটার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাংবাদিক, নিরাপত্তাকর্মীসহ সাধারণ মানুষ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জানাজা পরিচালনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি অতিথিরা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরাও খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেন।