ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক আলমগীরের ‘ঘনিষ্ঠ সহযোগীকে’ অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর) অতিরিক্ত উপ কমিশনার জুয়েল রানা জানিয়েছেন, বুধবার সকালে হিমন রহমান শিকদার (৩২) নামের ওই যুবককে রাজধানীর আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারের পরেই হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তার তথ্যে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল পাওয়া যায়।
আদাবর এলাকার ওই আবাসিক হোটেলে তিনি আত্মগোপনে ছিলেন হিমন। সেখান থেকেই অপরাধ জগত নিয়ন্ত্রণ করতেন বলে দাবি এ পুলিশ কর্মকর্তার।
পুলিশের দাবি, হিমন আদাবর এলাকায় যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে হাদি হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের চালক ছিলেন আলমগীর। এই আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী হিমন।
হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা আততায়ী।
মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়।
Leave a Reply