1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
আরও ৪টি হাসপাতালের সঙ্গে বিজিএমইএ এরসমঝোতা স্মারক স্বাক্ষর - NewsDotBD
October 29, 2026, 6:21 am

আরও ৪টি হাসপাতালের সঙ্গে বিজিএমইএ এরসমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : Wednesday, December 10, 2025
  • 111 Time View

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) তার সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার চলমান উদ্যোগের অংশ হিসেবে আজ আরও চারটি স্বনামধন্য হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর ফলে বিজিএমইএ এর বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধার পরিধি আরও বৃদ্ধি পেল।

মঙ্গলবার উত্তরাস্থ বিজিএমইএ সভাকক্ষে এই স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। নতুন করে যে চারটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলো, সেগুলো হলো-, ঢাকা ইমপেরিয়াল হাসপাতাল পিএলসি, ইবনে সিনা ট্রাস্ট, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ও ইয়র্ক হসপিটাল লিঃ।

বিজিএমইএ এর পক্ষ থেকে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে স্বাক্ষর করেন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল পিএলসি এর পরিচালক মোঃ আনিসুর রহমান; ইবনে সিনা ট্রাষ্ট এর এজিম ও ডেপুটি হেড অব বিজনেস ডেভলপমেন্ট জিএম তারিকুল ইসলাম, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল এর বোর্ড ডিরেক্টর ফুতোশি কোনো; এবং ইয়র্ক হসপিটাল লিঃ এর পক্ষে পরিচালক (বিজিএমইএ এর সাবেক পরিচালক) নজরুল ইসলাম।

এই চুক্তির ফলে বিজিএমইএ এর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এখন থেকে এই চারটি হাসপাতালসহ মোট ১৪টি (আগে স্বাক্ষরিত ১০টির সঙ্গে যুক্ত হয়ে) শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বিশেষ ছাড়কৃত মূল্যে (ডিসকাউন্ট রেট) উন্নত চিকিৎসা ও ডায়াগনস্টিক পরিষেবা গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে বিজিএমইএ তার সদস্যদের চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করছে।

অনুষ্ঠানে বিজিএমইএ এর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান পোশাক খাতের উদ্যোক্তা ও কর্মীদের কল্যাণে বিজিএমইএ এর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বিজিএমইএ পোশাক শ্রমিকদের জন্য আশুলিয়া অঞ্চলে একটি বৃহৎ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যতে এই হাসপাতাল পরিচালনায় স্বাক্ষরকারী হাসপাতালগুলোর মূল্যবান সহযোগিতা নিশ্চিত করাই হলো এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পোশাক খাতে একটি স্থায়ী ও উন্নত স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর পরিচালক মোঃ হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ সোহেল, বিজিএমইএ এর প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির, মিরপুর হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান খন্দকার মহিদুর রহমান শাহীন, টিবি কন্ট্রোল অ্যান্ড ডেঙ্গু কমিটির চেয়ারম্যান নুরুল তপন, এবং ইয়র্ক হসপিটাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মল্লিক নাসিম আহসানসহ সংশ্লিষ্ট হাসপাতালগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Developed By POPCORN IT