বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইইএসডিএম) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ২৩ নভেম্বর ২০২৫, রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এই চুক্তি সাক্ষরিত হয়।
এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন এয়ার ক্লাবের কমিটি গঠন করা হবে। এছাড়াও ক্যাপস এর পক্ষ থেকে আইইএসডিএম কে একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন প্রদান করা হয়। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বায়ুর মান নিরবচ্ছিন্নভাবে মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপস এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার এবং প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইইএসডিএম) এর পরিচালক ড. মো. আব্দুল বাতেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. বদিউজ্জামান খান ও অধ্যাপক ডঃ মোঃ শাহাদাত হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, এবং ক্যাপস-এর এডমিন অফিসার মোঃ তৌফিক-ই-এলাহি হোসেন।
ক্যাপস-এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার এবং আইইএসডিএমের পক্ষ থেকে স্বাক্ষর করেন পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন।
অনুষ্ঠানে ক্যাপস এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, “একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো বায়ুদূষণ। আজ বায়ুদূষণ যে মাত্রায় পৌঁছেছে, তা স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য নিরাপত্তা সবকিছুকেই সরাসরি প্রভাবিত করছে।
এ সমস্যার স্থায়ী সমাধান আনতে হলে বৈজ্ঞানিক তথ্যভিত্তিক গবেষণা এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্যাপস এর গবেষকদের সমন্বিত প্রচেষ্টায় ভবিষ্যতে ময়মনসিংহ শহরের পরিবেশ আরও পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত হয়ে উঠবে।”
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইইএসডিএম) এর পরিচালক ড. মো. আব্দুল বাতেন বলেন, “এই চুক্তি আমাদের শিক্ষার্থীরা আধুনিক গবেষণা সুবিধা, প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষ বিশেষজ্ঞদের দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবন ও নীতিনির্ধারণে সক্রিয়ভাবে অংশগ্রহণের আগ্রহ বৃদ্ধি করবে। ক্যাপস এর সঙ্গে এই যৌথ উদ্যোগ আমাদের বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় বায়ুদূষণ সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক অবদান রাখবে।”
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে ক্যাপস এবং আইইএসডিএম যৌথভাবে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, বায়ুদূষণ গবেষণা এবং জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করবে। এ উদ্যোগ ভবিষ্যতে পরিষ্কার বায়ু নিশ্চিতকরণে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।