1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
সংরক্ষিত নারী আসনের আলোচনায় রাজপথের লড়াকু নেত্রী তানজিন চৌধুরী লিলি - NewsDotBD
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

সংরক্ষিত নারী আসনের আলোচনায় রাজপথের লড়াকু নেত্রী তানজিন চৌধুরী লিলি

  • প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে। দেশজুড়ে আলোচনার তুঙ্গে এখন জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন।

নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, এই রমজান মাসেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে পারে। সংসদীয় সমীকরণ অনুযায়ী বিএনপি জোটের ভাগে ৩৭টি আসন পড়ার সম্ভাবনা রয়েছে। এই আসনগুলোতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন দলের ত্যাগী ও পরীক্ষিত নেত্রীরা। সেই তালিকায় আলোচনার শীর্ষে রয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিন চৌধুরী লিলি।

ছাত্র রাজনীতির মধ্য দিয়েই বিএনপির রাজনীতিতে উত্থান ঘটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার তানজিন চৌধুরী লিলির। ১৯৯৬ সালে গৌরীপুর সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রী বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। একই বিভাগ থেকে ২০০৪ সালে স্নাতক (সম্মান) ও ২০০৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হল শাখার আহ্বায়ক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য মামলা, হামলা ও কারাবরণের শিকার হয়েছেন এই নেত্রী। বিশেষ করে ১/১১-এর ছাত্র-শিক্ষক আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে তিনি দীর্ঘদিন অভিযুক্ত হিসেবে মামলার আসামি ছিলেন। মাঠের রাজনীতিতে সক্রিয় থেকে দলের প্রতিটি সংকটময় মুহূর্তে আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব ছিলেন তিনি।

২০০৯ সালে গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করে তিনি জনপ্রিয়তার প্রমাণ দেন। বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতির পাশাপাশি গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার আসনগুলোতে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে নারীদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগে লিলি অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্থানীয়রা মনে করেন, লিলি সংসদে গেলে ময়মনসিংহ অঞ্চলসহ দেশের নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও ক্ষমতায়নে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠবেন।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল বলেন, লিলি আপা দলের জন্য কাজ করেছেন। দলের প্রতিটি কর্মসূচিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজপথের এই ত্যাগী নেত্রীকে আমরা সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।”

ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি মনোনয়ন প্রসঙ্গে জানান, তিনি ছাত্রদল দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন এবং নানা বাধা অতিক্রম করে দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করে যাচ্ছেন। ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম ও দমন-পীড়নের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিলেন। তিনি বিশ্বাস করেন দলের প্রধান তাঁর রাজনৈতিক কর্মকান্ডের স্বীকৃতিস্বরূপ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচিত করে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT