1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননায় সিক্ত জন ট্রাভোল্টা - NewsDotBD
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

কান চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননায় সিক্ত জন ট্রাভোল্টা

  • প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

হলিউডের অভিনেতা জন ট্রাভোল্টা এবার কান উৎসবে হাজির হয়েছেন পরিচালক হিসেবে। ট্রাভোল্টা নির্মিত প্রথম সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ এর প্রিমিয়ার হয়েছে কানের আসরে।

ভ্যারাইটি জানিয়েছে, সিনেমার প্রিমিয়ারের আগে তৈরি হয় ঐতিহাসিক মুহূর্ত। ট্রাভোল্টার হাতে তুলে দেওয়া হয় উৎসবের সর্বোচ্চ আজীবন সম্মাননা অনারারি পাম দ’র। এই সম্মান পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি ৭২ বছর বয়সী ভোল্টা। আজীবন সম্মাননার ট্রফি হাতে নিয়ে অভিভূত ট্রাভোল্টা বলেন, এটি আমার কাছে অস্কারের চেয়েও বড়।

ফরাসী ভাষায় এরপর তিনি বলে ওঠেন, আমি পুরোপুরি অবাক। বিশ্বাস করতে পারছি না। আমার কল্পনাতেও ছিল না। কানের পরিচালক থিয়েরি ফ্রেমোর দিকে ফিরে ট্রাভোল্টা যোগ করেন, আপনি বলেছিলেন এটি একটি বিশেষ রাত হবে, কিন্তু আমি জানতাম না এর অর্থ এমনটা হবে।

ফ্রেমো সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘আমরা জানতাম’। পরিচালকের কথার পর করতালিতে ফেটে পড়ে হলরুম। কান উৎসবের পর্দা ওঠার আগেই কর্তৃপক্ষ জানিয়েছেন আজীবন সম্মাননা পাবেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’খ্যাত পরিচালক পিটার জ্যাকসন এবং কিংবদন্তি অভিনেত্রী ও গায়িকা বারবারা স্ট্রাইস্যান্ড। কিন্তু জন ট্রাভোল্টার নাম গোপন রাখা হয় সে সময়।

‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ সিনেমার প্রিমিয়ারের আগে গত শুক্রবার রাতে থিয়েরি ফ্রেমো হঠাৎ ট্রফিটি নিয়ে মঞ্চে আসেন। আকস্মিক এই পুরস্কার দেখে এবং বিষয়টি বুঝতে পেরে ট্রাভোল্টা আনন্দে কেঁদে ফেলেন। নিজেকে সামলে ট্রাভোল্টা বলেন, এটা আমার জন্য এক বিনম্র মুহূর্ত, তাই থিয়েরি, আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।

ট্রাভোল্টা অস্কারে সেরা অভিনেতা শাখায় দুবার মনোনীত হন, তবে চলচ্চিত্র সর্বোচ্চ পুরস্কার এখনো অধরা রয়েছে এই অভিনেতার। নিজের লেখা একটি শিশুতোষ উপন্যাসের ওপর ভিত্তি করে অ্যাডভেঞ্চার সিনেমা ‘প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ’ পরিচালনা করেছেন জন ট্রাভোল্টা। এই উপন্যাসটি প্রকাশ হয় ১৯৯৭ সালে।

সিনেমায় অভিনয় করেছেন তিনি; তার মেয়ে এলা ব্লু ট্রাভোল্টাও এই সিনেমায় বাবার সঙ্গে কাজ করেছেন। কানে প্রিমিয়ারে বাবার সঙ্গে তিনিও ছিলেন। আগামী ২৯ মে অ্যাপল টিভিতে মুক্তি পাবে প্রোপেলার ওয়ান-ওয়ে নাইট কোচ।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT