চট্টগ্রামে জনসভায় যোগ দেওয়ার আগে তরুণদের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সকাল ১০টা থেকে নগরীর র্যাডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এ মতবিনিময় সভা চলছে।
এতে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার সিলেটে নির্বাচনি প্রচার যাত্রা শুরুর আগে তরুণদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিএনপি নেতা তারেক রহমান।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সকাল সাড়ে ১১টায় জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিকাল সাড়ে ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় সোয়াগাজী ডিগবাজির মাঠে, সাড়ে ৭টায় দাউদকান্দি ঈদগাঁ মাঠে এবং রাত মাড়ে ১১টায় কাঁচপুর বালুরমাঠে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান।
প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন দেশের মাটিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছিলেন, “আই হ্যাভ আ প্ল্যান।”
দেশে ফেরার ঠিক একমাস পর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন তিনি। চট্টগ্রামের বিএনপি নেতারা আশা করছেন, তাদের দলীয় প্রধান চট্টগ্রামবাসীকে তার সেই ‘প্ল্যান’ শোনাবেন।
২০০৫ সালের ৬ মে চট্টগ্রামের লালদীঘি মাঠে সর্বশেষ জনসভা করেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। এবার দলের চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম সফরে আসছেন তিনি।
২৫ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। এর আগে ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রাম নগরীর সবচেয়ে বড় এ মাঠে তার মা খালেদা জিয়ার জনসভা হয়েছিল।