1. press.sadique@gmail.com : Polash Hasan : Polash Hasan
  2. admin@newsdotbd.com : superman :
ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে : শবনম বুবলী - NewsDotBD
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে : শবনম বুবলী

  • প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে অপপ্রচার, ট্রল ও বুলিং নতুন কিছু নয়। তবে এসবের মাত্রা দিনদিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে মনে করেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ট্রল ও বুলিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী।

রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে বুবলী বলেন, “সোশ্যাল মিডিয়ায় যেভাবে ট্রল ও বুলিং হচ্ছে, তা দেখে আমার অনেক সহকর্মী আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতদিন আমি কখনোই এসবের বিরুদ্ধে আইনানুগ পথে যাইনি। কিন্তু এখন মনে হচ্ছে, চুপ থাকার কারণে বিষয়টি আরও বেশি বাড়ছে।”

গুজব ও অপপ্রচারের পেছনের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বুবলীর ভাষায়, “দুঃখজনকভাবে ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে। এমনকি হিজাব পরা কিছু আপুও মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয়, এটি শুধু একজন মানুষকে হেয় করা নয়, বরং আমাদের ধর্মকেও অবমাননা করা। ইসলামে গীবতকে সবচেয়ে জঘন্য কাজগুলোর একটি বলা হয়েছে।”

দেশে ও দেশের বাইরে শিল্পীদের নিয়ে নেতিবাচক চর্চা বন্ধ হওয়া উচিত বলেও মত দেন এই অভিনেত্রী। তিনি বলেন, “আমাদের শিল্পীদের যেভাবে ছোট করা হচ্ছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। আশা করছি, দেশের সাইবার ক্রাইম বিভাগ দ্রুতই বিষয়টির দিকে নজর দেবে।”

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বুবলী। তিনি বলেন, “আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমার বিশ্বাস, দেশের সেবা করতে হলে রাজনীতিতেই থাকতে হবে—এমন নয়। যে কোনো পেশা থেকেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। একজন সচেতন নাগরিক হিসেবে আমি চাই দেশে স্থিতিশীলতা আসুক এবং সবাই ইতিবাচক পরিবেশে কাজ করার সুযোগ পাক।”

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে মা হওয়ার গুঞ্জন ছড়ায়। ভিডিওটি দেখে অনেকেই দাবি করেন, তিনি আবার মা হতে চলেছেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে গুজব ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে।

এ জাতীয় আরো খবর..

Copyright © 2025, newsdotbd.com

Developed By POPCORN IT